Logo

কমলগঞ্জে বিদেশি সিগারেটবাহী গাড়িতে জনতার হামলা, আটক ১

profile picture
উপজেলা প্রতিনিধি
কমলগঞ্জ, মৌলভীবাজার
২৩ জুলাই, ২০২৬, ১৩:৫৮
কমলগঞ্জে বিদেশি সিগারেটবাহী গাড়িতে জনতার হামলা, আটক ১
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিদেশি সিগারেট বহনকারী একটি প্রাইভেটকারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ভাঙচুরের শিকার গাড়িটি জব্দ করার পাশাপাশি একজনকে আটক করেছে। পরে ওই প্রাইভেটকার থেকে ৬৬ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে আলীনগর রাজকান্দি রেঞ্জ বন অফিসের (বড়খোলা) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট একটি প্রাইভেটকারে করে পাচারের সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা গাড়িটিকে ধাওয়া করলে আলীনগর চা বাগান এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রাইভেটকারটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গাড়ির চালক সেটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন গাড়িতে থাকা বিদেশি সিগারেটের একটি অংশ সরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভাঙচুর হওয়া প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং এ ঘটনায় লোকমান নামে একজনকে আটক করা হয়।

আটক লোকমান মিয়া কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ওই গাড়ি থেকে ৬৬ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সিগারেট ও আটক ব্যক্তির বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD