ভালুকা হাসপাতাল প্রাঙ্গণে কাঠবাদামের চারা রোপণ করলেন ডা. মাসুদ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কাঠবাদাম গাছের চারা রোপণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল চত্বরে কাঠবাদামের চারা রোপণ করেন মেডিকেল অফিসার ডা. মো. মাসুদ পারভেজ।
জানা গেছে, ছাত্রজীবন থেকেই বৃক্ষরোপণের প্রতি বিশেষ আগ্রহ ও ভালোবাসা রয়েছে ডা. মাসুদ পারভেজের। বিভিন্ন সময়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে গাছ লাগিয়েছেন। সেই ধারাবাহিকতায় হাসপাতাল প্রাঙ্গণকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব করে তুলতে এবার তিনি কাঠবাদামের চারা রোপণ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চারা রোপণকালে ডা. মো. মাসুদ পারভেজ বলেন, একটি গাছ শুধু মানুষকে ছায়া দেয় না, একই সঙ্গে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, নির্মল পরিবেশ নিশ্চিত এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রজীবন থেকেই বৃক্ষরোপণ তার প্রিয় একটি অভ্যাস উল্লেখ করে তিনি বলেন, আজ রোপণ করা গাছটি একদিন বড় হয়ে অসংখ্য মানুষের উপকারে আসবে। একই সঙ্গে এটি হাসপাতাল প্রাঙ্গণের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত তার পরিচর্যা করা উচিত।
ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। হাসপাতাল প্রাঙ্গণকে আরও সবুজ ও রোগীবান্ধব পরিবেশে রূপ দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।








