Logo

ভাড়া বাসা থেকে ছুটিতে থাকা পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২৯ জুলাই, ২০২৬, ১৩:৩৬
ভাড়া বাসা থেকে ছুটিতে থাকা পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ছুটিতে থাকা এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দিরসংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘটনার সময় আবু হানিফ বাসার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘটনার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজাউর রহমান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আবু হানিফ তার বাকপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ইসদাইরের ওই বাসায় ভাড়া থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পাঁচ দিনের ছুটিতে ছিলেন। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, আবু হানিফের স্ত্রী বাকপ্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। প্রাথমিক তথ্য অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী ঘটনার আগের দিন বাবার বাড়িতে চলে যান। সেই ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের ফলাফল, আলামত সংগ্রহ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD