নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজনগরে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নৌকাসহ হাওরে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর মো. জমশেদ মিয়া (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের কাউয়াদিঘি হাওরে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
নিহত জমশেদ মিয়া বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পাশের কাউয়াদিঘি হাওরে যান জমশেদ মিয়া। হাওরের মাঝের বান্দ নামক এলাকায় তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে রাত ১২টার দিকে স্থানীয়রা হাওরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্যের আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং পুরো তুলাপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








