যুবলীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় ব্যবসায়ী ও ইউনিয়ন যুবলীগ নেতা যোবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে ঢাকার লালবাগ থানার বাশপট্টি এলাকার আশা হোটেলের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার মামুন ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া সমিতি বাজারের ব্যবসায়ী যোবায়ের হোসেন পারভেজের সঙ্গে মাদক, চোরাচালান ও দোকান সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২৬ জুন রাতে এসব বিষয় নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা শাহাদাত ও মামুনের সঙ্গে পারভেজের কথা-কাটাকাটি হয়। ওই রাতেই পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২৭ জুন সমিতি বাজার সংলগ্ন নিজ বাড়ির পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনার পর নিহত পারভেজের বাবা আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- শাহাদাত হোসেন, মাইকেল ও মনির হোসেন। ঘটনার পর পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে শাহাদাত, মনির ও মাইকেলকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি মামুন আত্মগোপনে চলে যান।
ফেনীস্থ র্যাব-৭-এর গণমাধ্যম কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঢাকার লালবাগ থানা এলাকায় র্যাব-৭ ও র্যাব-১০ যৌথ অভিযান চালায়। অভিযানে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, পারভেজ হত্যা মামলার পাশাপাশি গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে ছাগলনাইয়া ও ফেনী থানায় আরও একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন








