Logo

চট্টগ্রামে কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১ আগস্ট, ২০২৬, ১২:৪৭
চট্টগ্রামে কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে এবং পূর্ববিরোধের জেরে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি মারধর করার পাশাপাশি লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাতির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন তোহাকে বেধড়ক মারধর করে এবং লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আনোয়ার হোসেনকে আটক করে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিয়াউল হক বলেন, বাড়ির কলা চুরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে মোহাম্মদ তোহা নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে পটিয়া আইনজীবী সমিতি। সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত, ভদ্র ও সজ্জন স্বভাবের মানুষ ছিলেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD