বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি লুৎফর রহমান। তবে বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বিজ্ঞাপন
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি লুৎফর রহমান। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের স্বজনদের কাছে বিষয়টি জানানো হবে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন








