শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই : জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তে ভেজা এই সবুজ জমিনে আমরা সকল বৈষম্য দূর করে একটি মানবিক ও কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের নিরপরাধ সন্তানদের যারা হত্যা করেছে, আহত করেছে, চোখ কেড়ে নিয়েছে এবং আয়নাঘরে অমানবিক নির্যাতন চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করব। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের দেওয়ান মঞ্জিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমির আব্দুল মুনতাজিম, জুড়ি উপজেলা আমির আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক জেলা আমির এমাদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল মুমিতসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক।
সভাপতির বক্তব্যে জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্বপ্নের একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।








