শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড বাস সার্ভিসের উদ্বোধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড’ নামে নতুন একটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস সার্ভিসটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ হল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. জসিম মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মো. মোহন মোড়ল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজুল ইসলাম সুজন, সহ-সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাসচালক ও শ্রমিকরা।
উদ্বোধনের মাধ্যমে ঢাকা-মাওয়া রুটে যাতায়াত আরও সহজ হবে এবং এ অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মো. মোহন মোড়ল জানান, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য অর্ধেক ভাড়ার (হাফ ভাড়া) সুবিধা রাখা হয়েছে। এছাড়া প্রতিটি বাসে মালিকপক্ষের মোবাইল নম্বরসংবলিত স্টিকার থাকবে, যাতে কোনো যাত্রী পরিবহনের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নতুন এই মিনিবাসগুলো এখন থেকে নিয়মিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে রুটে যাত্রী পরিবহন সেবা প্রদান করবে।








