Logo

৯ মাস পর সোনামসজিদ বন্দরে এলো ৫ টন কাঁচামরিচ

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৩ আগস্ট, ২০২৬, ২০:০৯
৯ মাস পর সোনামসজিদ বন্দরে এলো ৫ টন কাঁচামরিচ
ছবি: সংগৃহীত

প্রায় নয় মাস বন্ধ থাকার পর আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম চালানেই দুটি ট্রাকে মোট ৫ টন কাঁচামরিচ দেশে এসেছে। দীর্ঘ বিরতির পর আমদানি পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) দুপুরে ভারত থেকে কাঁচামরিচ বহনকারী দুটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত খালাসের কার্যক্রম শুরু হয়।

পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, প্রায় নয় মাস পর কাঁচামরিচের আমদানি পুনরায় শুরু হয়েছে। সোমবার সকাল থেকে দুটি ট্রাকে মোট ৫ টন কাঁচামরিচ বন্দরে পৌঁছেছে। বর্তমানে শুল্কসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে এসব পণ্য দ্রুত বাজারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে যায়। এর প্রভাবে সাম্প্রতিক সময়ে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

তারা আশা করছেন, নিয়মিতভাবে আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়বে। এতে দামও ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নেমে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

পাইকারি ব্যবসায়ীরাও বলছেন, আমদানি শুরু হওয়ায় পাইকারি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে খুচরা বাজারেও এর সুফল মিলবে এবং ভোক্তারা তুলনামূলক কম দামে কাঁচামরিচ কিনতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD