Logo

২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ১০ হাজারে

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৩ আগস্ট, ২০২৬, ২০:০৬
২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ১০ হাজারে
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া বড় আকৃতির একটি ইলিশ মাছ স্থানীয় মাছঘাটে নিলামে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২ কেজি ৩০০ গ্রাম ওজনের এই ‘রাজা ইলিশ’ ঘিরে মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী।

মাছঘাট সূত্রে জানা যায়, স্থানীয় জেলে মনু মাঝির জালে মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির জন্য মতিরহাটের একটি আড়তে নিয়ে আসা হলে নিলামের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতামূলক দর ওঠার পর সাড়ে ১০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্রেতা রিয়াজ বেপারী জানান, বর্তমানে নদীতে বড় আকারের ইলিশ খুব কম ধরা পড়ছে। ফলে এমন মাছের বাজারমূল্যও তুলনামূলক বেশি। তিনি জানান, মাছটি চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বড় ইলিশের চাহিদা বেশি থাকায় প্রায় ১৫ হাজার টাকায় বিক্রির আশা করছেন।

মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন বলেন, বড় আকারের ইলিশ খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই এমন মাছ ধরা পড়লে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় এবং নিলামে ভালো দাম পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের উপস্থিতি তুলনামূলক কম। যে ইলিশ ধরা পড়ছে, তার অধিকাংশের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রামের মধ্যে সীমাবদ্ধ। ফলে দুই কেজির বেশি ওজনের ইলিশের চাহিদা ও বাজারমূল্য স্বাভাবিকভাবেই বেশি।

তিনি আরও জানান, আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন বড় আকারের ইলিশও তুলনামূলক বেশি ধরা পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD