Logo

প্রথম স্ত্রীকে নিয়ে চলে যাওয়ায় বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দ্বিতীয় স্ত্রী

profile picture
উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৩ আগস্ট, ২০২৬, ১৯:২০
প্রথম স্ত্রীকে নিয়ে চলে যাওয়ায় বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দ্বিতীয় স্ত্রী
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এ ভাঙচুর চালিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। পরে দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থানকালে তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। স্থানীয়দের দাবি, ওই সময় ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। পরে বিষয়টি থানায় সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ছনিয়া খাতুন ওই ব্যক্তির সঙ্গেই বসবাস শুরু করেন।

পরবর্তীতে দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর তাদের সংসার চলার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন। পরে তাকে সঙ্গে নিয়ে পুনরায় মালয়েশিয়ায় চলে যান বলে স্থানীয়দের ভাষ্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার সকাল প্রায় ১০টার দিকে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, ‘মুকুল হোসেনের মেয়ে অত্যন্ত ভদ্র ও অমায়িক। তার সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। তবে ক্ষোভের বশে বাড়ি ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়াই সমীচীন ছিল।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD