বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় উপজেলার ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার ( ৮ আগস্ট) বিকাল ৫ টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা), জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমের মাধ্যমে কোনো শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মেধা বিকাশ সম্ভব নয়। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক কসরত, নান্দনিক সংস্কৃতি চর্চা এবং স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা অপরিসীম।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আজ এসব সামগ্রী প্রদান করা হলো, তারা যেন এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং আমাদের শিক্ষার্থীদের মেধা ও সুস্বাস্থ্য বিকাশে কাজে লাগায়।
অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম শওকত সিরাজ, সাবেক সভাপতি আবুল হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক মো. গোলাম সারওয়ার ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তুহিনুর রহমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন








