Logo

শ্রীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভোগান্তিতে রোগীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, মাগুরা
৮ আগস্ট, ২০২৬, ১৮:১০
শ্রীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভোগান্তিতে রোগীরা
ছবি: প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ প্রায় তিন লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে গত বছর ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকার বিল দেওয়া হয়েছিল। ২০২৪ সালের মে মাস থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বকেয়া বিলের পরিমাণ ১ লাখ ৯২ হাজার ৭২৪ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গর্ভবতী নারী ও শিশুরা। বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জরুরি পরিস্থিতিতে গর্ভবতী নারীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

সরেজমিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় রোগী ও স্বজনদের অনেকে হাতপাখা দিয়ে বাতাস করছেন। প্রচণ্ড গরমে অনেকেই অস্বস্তিতে রয়েছেন। কেউ কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে অন্য হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চলে যাচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা জানান, বিদ্যুৎ না থাকায় হাসপাতালের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের নিয়ে হাসপাতালে এসে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকা অত্যন্ত কষ্টকর। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান তাঁরা।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল আওয়াল বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য দুই থেকে তিনবার সতর্ক করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তবে বাজেট সংকটের কারণে সময়মতো বিল পরিশোধ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

শ্রীপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক বলেন, দুই বছরের বেশি সময়ের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। আগে অধিদপ্তর থেকে বছরে দুই দফায় বিদ্যুৎ বিল পরিশোধ করা হতো। দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ থাকার পর বর্তমানে পর্যায়ক্রমে বিল পরিশোধ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধের আশা করছেন তাঁরা।

শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন বলেন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে একাধিকবার নোটিশ ও সতর্ক করা হয়েছিল।

একটি গুরুত্বপূর্ণ মাতৃ ও শিশুসেবা কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী রোগী ও সচেতন নাগরিকরা দ্রুত বকেয়া বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং চিকিৎসাসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD