শিক্ষিকাকে ‘আপত্তিকর’ কথা বলায় প্রধান শিক্ষককে কারাদণ্ড

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়ায় এক শিক্ষিকাকে নিজ কক্ষে ডেকে আপত্তিকর ও অশালীন কথা বলার অভিযোগে ইকরা ইসলামীয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) যশোর সদর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এই দণ্ড ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
মামলার সূত্র ও পুলিশ জানায়, ওই মাদ্রাসার ২৬ ছাব্বিশ বছর বয়সী এক শিক্ষিকা অভিযোগ করেন যে, প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অশালীন কথাবার্তা বলে আসছিলেন। গত পাঁচ আগস্ট সকাল এগারোটার দিকে মাদ্রাসায় দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষক তাকে নিজের অফিস কক্ষে ডাকেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কক্ষে প্রবেশের আগে ওই শিক্ষিকা মোবাইল ফোনে অডিও রেকর্ড চালু করে রাখেন বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অফিস কক্ষে যাওয়ার পর প্রধান শিক্ষক তাকে নানা অশালীন ও আপত্তিকর কথা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। পরে ওই শিক্ষিকা কক্ষ থেকে বেরিয়ে ধারণকৃত কথোপকথনটি মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের শোনান। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর আট আগস্ট শিক্ষক ও কর্মচারীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় গিয়ে প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে হেফাজতে নেয়।
এসআই মো. আলমগীর হোসেন জানান, শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে রবিবার আদালতে প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। শুনানির একপর্যায়ে ইশতিয়াক হোসেন আপত্তিকর কথা বলার বিষয়টি স্বীকার করেন। পরে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।








