Logo

বিএনপিকে ‘লাল কার্ড’ দেখিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
৯ আগস্ট, ২০২৬, ১৯:০৩
বিএনপিকে ‘লাল কার্ড’ দেখিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না
ছবি: সংগৃহীত

জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক এত গভীর যে শুধু সমালোচনা কিংবা ‘লাল কার্ড’ দেখানোর কথা বলে দলটিকে জনবিচ্ছিন্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। তিনি বলেন, জনগণই বিএনপির ক্ষমতার মূল উৎস। তাই দলের নেতাকর্মীদের সমালোচনায় বিচলিত না হয়ে নিজেদের ভুল-ত্রুটি চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) বিকেল পাঁচটায় বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের হলরুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মধ্যে ঘর বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

গোলাম মো. সিরাজ বলেন, দলের অনেক নেতা-কর্মী সমালোচনা সহ্য করতে পারেন না। নেতিবাচক সংবাদ প্রকাশ হলে অনেকের মন খারাপ হয়। কিন্তু একজন প্রকৃত রাজনীতিকের এমন মানসিকতা থাকা উচিত নয়। বরং নেতিবাচক সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের চিন্তা ও মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের চিন্তাভাবনা অনেক ক্ষেত্রে তাঁদের চেয়ে উন্নত। তরুণদের মধ্যে নেতিবাচক দিক থাকলেও তাঁদের মতামত ও ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে। নতুন প্রজন্মের চিন্তা ও মতামতকে গুরুত্ব দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন উল্লেখ করে গোলাম মো. সিরাজ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। তরুণ প্রজন্মের হাত ধরে বিএনপির নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভারতসহ সবার সঙ্গে ভালো ও মর্যাদার সম্পর্ক রাখতে চাই। কিন্তু ফ্যাসিস্টদের আশ্রয় দিয়ে ভারত সে সম্পর্কের উন্নতি ঘটাতে ব্যর্থ হচ্ছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা পিয়ার আহমেদ পিয়ার ও যুবদল নেতা আবু রায়হান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD