Logo

হাতিয়ায় অগ্নিকাণ্ডে হোটেল-গুদামসহ বসতঘর পুড়ে ছাই

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
১১ আগস্ট, ২০২৬, ১১:৩৫
হাতিয়ায় অগ্নিকাণ্ডে হোটেল-গুদামসহ বসতঘর পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রেস্টুরেন্ট, একাধিক গুদামঘর ও একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগুরিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে সাগুরিয়া বাজারের নকশিবাংলা রেস্টুরেন্টের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন রেস্টুরেন্টের আশপাশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়।

পরে আগুন পাশের গুদামঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর আগে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর মধ্যেই নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মালিকানা স্থানীয় ফখরুল ইসলাম ওরফে গাছ ব্যবসায়ী ফখরুলের। তবে আগুনে ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদামে থাকা মালামাল পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও দোকান মালিকরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD