স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর এলাকার সৌদি আরব প্রবাসী ইয়াছিন আহমেদ (২৭) স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী তুলি বেগম (২১) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের মালিহাতা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াছিন ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার প্রয়াত বাক্কী মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ইয়াছিন ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার দুই বোন রয়েছে। প্রায় পাঁচ বছর আগে তুলি বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বুধবার বিকেলে সন্তানকে বাড়িতে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীসংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় ঘুরতে যান ইয়াছিন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মালিহাতা এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ইয়াছিন ও তার স্ত্রী তুলি বেগম গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিনের মৃত্যু হয়। পরে তার মরদেহ ভৈরবে নিয়ে আসা হয়। গুরুতর আহত তুলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন।
ইয়াছিনের চাচাতো ভাই ওমর আহমেদ জানান, প্রায় ১৭ মাস আগে সৌদি আরবে যান ইয়াছিন। সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন। গত ২৪ জুলাই ছুটিতে দেশে আসেন তিনি। আগামী ১৭ অক্টোবর তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। এ জন্য ফিরতি টিকিটও কাটা হয়েছিল।
বিজ্ঞাপন








