Logo

ঘন ঘন লোডশেডিংয়ে বেড়েছে তালের হাতপাখার কদর

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
১৩ আগস্ট, ২০২৬, ১৪:০৩
ঘন ঘন লোডশেডিংয়ে বেড়েছে তালের হাতপাখার কদর
ছবি: সংগৃহীত

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মাগুরায় তালের হাতপাখার চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন গ্রামে গড়ে ওঠা পাখাপল্লীগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে। তালের হাতপাখা তৈরি করে অনেক পরিবার স্বাবলম্বী হয়ে উঠেছে। বর্তমানে পাখাশিল্পীদের এক মুহূর্তও অবসর নেই।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার শিবরামপুর, নিজনান্দুয়ালী, সংকোচখালী, শক্রুজিৎপুর, আড়পাড়া, বিনোদপুর, পারিয়াট ও ধনেশ্বরগাতীসহ বিভিন্ন গ্রামে তালের হাতপাখা তৈরি করা হয়। এসব গ্রামের দুই শতাধিক পরিবার এ শিল্পের সঙ্গে জড়িত। মাগুরায় তৈরি হাতপাখা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। ফলে মৌসুমি কর্মসংস্থানের পাশাপাশি মাগুরা হাতপাখার একটি গুরুত্বপূর্ণ মোকামে পরিণত হয়েছে।

পাখা কিনতে আসা কয়েকজন নারী ও পুরুষ জানান, কিছুদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ একবার চলে গেলে দীর্ঘ সময়েও ফিরে আসে না। উপায়ন্তর না দেখে তারা হাতপাখা কিনতে এসেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারিগররা জানান, প্রথমে তালপাতা কেটে রোদে শুকানো হয়। পরে সুতা ও বাঁশের শলাকা দিয়ে সেলাই করে হাতপাখা তৈরি করা হয়। পাখার সৌন্দর্য বাড়াতে পরে তাতে রং করা হয়। ফাল্গুন থেকে ভাদ্র মাস পর্যন্ত হাতপাখা তৈরির প্রধান মৌসুম। একজন শিল্পী প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি পাখা তৈরি করতে পারেন। প্রতিটি পাখা তৈরিতে খরচ পড়ে প্রায় ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বাজারে মানভেদে প্রতিটি পাখা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা মাগুরায় এসে হাতপাখা কিনে নিয়ে যান। গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাতপাখার চাহিদাও বেড়েছে। ফলে পাখাশিল্পীদের বসে থাকার সুযোগ নেই।

গ্রামীণ নারীরা সংসারের কাজের ফাঁকে হাতপাখা তৈরি করেন। এর মাধ্যমে তারা দৈনিক প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা আয় করতে পারছেন। পরিবারের পুরুষ সদস্যরাও হাতপাখা তৈরির কাজে তাদের সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পাখাশিল্পী খাতুন ও আব্দুর রহিমসহ কয়েকজন শিল্পী জানান, বর্তমানে তালপাতার সংকট রয়েছে। তারপরও বিভিন্ন এলাকা থেকে পাতা সংগ্রহ করতে হচ্ছে। পাতা কেটে রোদে শুকানোর পর বাঁশের শলাকা, সুতা ও রং ব্যবহার করে হাতপাখা তৈরি করা হয়। তারা বলেন, হাতপাখার চাহিদা বাড়লেও কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD