‘ইউএনওর দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগানে উত্তাল নাটোর

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে ইউএনওকে ঘিরে বিক্ষোভ ও স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষ থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে ফলাফল বাতিল এবং পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান।
বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনকারীরা ‘ইউএনওর দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেন। তাদের এমন স্লোগান ও বিক্ষোভে উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে যায়। পরে মিছিলকারীরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের ফলাফল নিয়ে নানা অভিযোগ ও স্লোগান দিতে থাকেন।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের নিয়োগের সুযোগ দেওয়া হলেও ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশিত ফলাফল পুনর্বিবেচনার দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের বাগ্বিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, তিনি একটি সভায় রয়েছেন। বিষয়টি পরে জানাতে পারবেন।
বিজ্ঞাপন
ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগ নিয়ে বিক্ষোভের পাশাপাশি ইউএনওকে লক্ষ্য করে দেওয়া স্লোগানকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটিই এখন দেখার বিষয়।








