Logo

স্বামীর জানাজার আগেই স্ত্রীর মৃত্যু, পাশাপাশি হলো দাফন

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১২ আগস্ট, ২০২৬, ১৬:৪২
স্বামীর জানাজার আগেই স্ত্রীর মৃত্যু, পাশাপাশি হলো দাফন
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় স্বামীর জানাজার মাত্র পাঁচ মিনিট আগে স্ত্রীর মৃত্যুর মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের রাণীচড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরে একই সময়ে স্বামী-স্ত্রীর জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়।

বিজ্ঞাপন

নিহত দম্পতি হলেন রাণীচড়া গ্রামের আব্দুস সাত্তার (৬১) ও তার স্ত্রী সালেহা বেগম (৫৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) বিকেলে হৃদরোগে আক্রান্ত হন আব্দুস সাত্তার। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার বাদ জোহর তার জানাজার সময় নির্ধারণ করা হয়। এ জন্য বাড়িতে মরদেহ আনা, কফিন প্রস্তুত, কবর খোঁড়াসহ দাফনের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। স্বজন ও স্থানীয়রা জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদে আজানও হয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানাজায় যাওয়ার প্রস্তুতির ঠিক পাঁচ মিনিট আগে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুস সাত্তারের স্ত্রী সালেহা বেগম। পরিবারের সদস্যদের সামনে তার মৃত্যুতে মুহূর্তেই শোকের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা মাওলানা মোশারফ হোসেন জানান, আব্দুস সাত্তার মাধ্যমিক শিক্ষা অফিসে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। প্রায় দেড় বছর আগে তিনি অবসর নেন। তার স্ত্রী সালেহা বেগমও প্রায় এক বছর ধরে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

বিজ্ঞাপন

মোশারফ হোসেন বলেন, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর শোকে সালেহা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যুকালে আব্দুস সাত্তার ও সালেহা বেগম দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের দাফনও করা হয়।

স্বামীকে হারানোর শোকের মধ্যেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় রাণীচড়া গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD