সাঁকো ভেঙে নদীতে পড়লো জামায়াত নেতাকর্মীরা

নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সাঁকো পার হওয়ার সময় হঠাৎ এর একটি অংশ ভেঙে নদীতে পড়ে যান সংসদ সদস্যের সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নের সংযোগকারী কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে সাঁকোটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে এবং নতুন সেতু নির্মাণের স্থান পরিদর্শনে যান নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় উপজেলা আমিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গ্রামবাসী তার সঙ্গে ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তবে, স্থানীয়দের ও উপস্থিত সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার নিরাপদে সরে যেতে সক্ষম হন। দুর্ঘটনায় কয়েকজন আঘাত পেলেও গুরুতর কোনও ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান জানান, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতু হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
পরে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে গ্রামের মানুষ কতটা কষ্ট করে যাতায়াত করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং কাঁচা রাস্তা পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।








