মুরগির বিষ্ঠা বিক্রি নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা বিক্রির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার নির্ধারিত তারিখে হাজিরা দিতে গেলে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
কারাগারে পাঠানো তিনজন হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
তিন নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও বাজারসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানির একটি খামারে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। ওই খামারের মুরগির বিষ্ঠা বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় হাতবোমা বিস্ফোরণ, একটি ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ ওঠে।
পরদিন ৮ এপ্রিল ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।
তবে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি ব্যবসা নিয়ন্ত্রণের বিষয় নয়; স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ থেকেই গন্ডগোলের সৃষ্টি হয়েছে। মামলা করে বিষয়টি জটিল করা হয়েছে। আদালতে হাজিরা দিতে গেলে তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।








