Logo

থানায় পুলিশ পরিদর্শককে থাপ্পড়, কৃষক দল নেতা গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১০ আগস্ট, ২০২৬, ১৮:২৭
থানায় পুলিশ পরিদর্শককে থাপ্পড়, কৃষক দল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

দিনাজপুরে কোতোয়ালী থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) রাতে কোতোয়ালী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্যসচিব। এর আগে তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক এবং বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য।

অন্যদিকে নওয়াবুর রহমান দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–তে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং মামলার আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে রোববার রাতে কোতোয়ালী থানায় যান নওয়াবুর রহমান। সে সময় তিনি সিভিল পোশাকে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান মজিবর রহমান। তবে তখন ওসি থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মজিবর পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানের কাছে ওসির অবস্থান জানতে চান।

বিজ্ঞাপন

এ সময় নওয়াবুর রহমান নিজেকে কোতোয়ালী থানার পুলিশ সদস্য নন, বরং সিআইডিতে কর্মরত পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। অভিযোগ অনুযায়ী, মজিবরের সঙ্গে থাকা এক ব্যক্তি তখন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

নওয়াবুর রহমান এর প্রতিবাদ করলে মজিবর রহমানের সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের প্ররোচনায় তিনি পুলিশ পরিদর্শকের ডান গালে সজোরে থাপ্পড় মারেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে থানায় দায়িত্ব পালনরত অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একই সঙ্গে মজিবর রহমানকে আটক করে থানা হেফাজতে রাখা হয়।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নূর নবী বলেন, তদন্তের কাজে থানায় আসা সিআইডির পুলিশ পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে মজিবর রহমান মজিবকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন।

তিনি জানান, ওই মামলায় মজিবর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD