Logo

ব্রিজের রেলিং ভেঙে ছড়ায় পড়ল তেলবাহী ট্রাক, চালক নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজনগর, মৌলভীবাজার
১২ আগস্ট, ২০২৬, ১৫:৩৯
ব্রিজের রেলিং ভেঙে ছড়ায় পড়ল তেলবাহী ট্রাক, চালক নিহত
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার নয়ন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রুমান মিয়া (৫৪)। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে ধামাই ছড়ায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রুমান মিয়া নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপারসহ দুজন ছিলেন।

ধামাইপার এলাকার বাসিন্দা রুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ব্রিজের রেলিং ভাঙা এবং নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালক ও হেলপার ছিলেন। চালক রুমান মিয়া নিহত হয়েছেন এবং হেলপার নয়নকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD