Logo

নেত্রকোণায় শ্রমিকের ওপর হামলা, আহত ১

profile picture
জেলা প্রতিনিধি
১৭ আগস্ট, ২০২৬, ২১:৩৯
নেত্রকোণায় শ্রমিকের ওপর হামলা, আহত ১
ফাইল ছবি।

নেত্রকোণায় নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করার সময় পাশের বাসার টিনের চালে ইটের টুকরা পড়াকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জুয়েল মিয়া (২৮) নামে এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জুয়েল মিয়া নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের কয়রাটি গ্রামের সুরুজ আলীর ছেলে।

ঘটনাটি ঘটে গত শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা পৌরসভার মোক্তারপাড়া এলাকায়, আঞ্জুমান স্কুলের বিপরীতে শহীদ ক্যাডেট কোচিং সেন্টারের গলিতে একটি নির্মাণাধীন ভবনে।

এ ঘটনায় নেত্রকোণা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মধু মিয়া বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় রাজীব মাষ্টারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত রাজীব মাষ্টার নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রাজীবের পাঁচতলা ভবনের নির্মাণকাজে মধু মিয়ার অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। ঘটনার দিন শ্রমিকরা ভবনের তৃতীয় তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত একটি ইটের টুকরা পাশের একটি বাসার টিনের চালে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজীব মাষ্টার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় গিয়ে শ্রমিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাঁদের গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি নিচে নেমে অজ্ঞাতনামা কয়েকজনকে ডেকে এনে ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। একপর্যায়ে তাঁদের সঙ্গে নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালানো হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এ সময় রাজীব মাষ্টার নির্মাণকাজে ব্যবহৃত একটি কাটা রড দিয়ে শ্রমিক জুয়েল মিয়ার মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জুয়েলকে রক্ষা করতে অন্য শ্রমিকরা এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা করা হয়।

শ্রমিকদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন। পরে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে মধু মিয়া ঘটনাস্থলে গিয়ে আহত জুয়েলকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নেত্রকোণা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মঞ্জু মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। যে টিনের ঘরের ওপর ইট পড়েছিল, সেটিও দেখি। পরে রাজীব মাষ্টারের সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের আলোচনার সুযোগ দেননি। তাঁর স্ত্রীও আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। নির্মাণকাজে ইট-বালু কখনো কখনো নিচে পড়তে পারে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে রাজীব মাষ্টার যেভাবে রড দিয়ে শ্রমিকদের মারধর করে একজনকে আহত করেছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কোনো ভবনমালিক শ্রমিকদের ওপর এভাবে হামলা করার সাহস না পান।

এ বিষয়ে অভিযুক্ত রাজীব মাষ্টারের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকলটি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি গতকাল জানতে পেরেছি। এর আগে এ বিষয়ে অবগত ছিলাম না। এটি স্কুলের বাইরের ব্যক্তিগত ঘটনা। রাজীব মাষ্টার স্কুল থেকে দুই দিনের ছুটি নিয়েছেন। পরবর্তীতে তিনি কর্মস্থলে না এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD