ঝুলন্ত বিদ্যুতের তারে প্রাণ গেল খড় ব্যবসায়ীর

নাটোরের সিংড়ায় চলনবিলে খড়বোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় খড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে শহরবাড়ী গ্রাম থেকে গবাদিপশুর জন্য খড় কিনে নৌকায় বোঝাই করে বাড়ির উদ্দেশে রওনা হন ফরহাদ আলী। নৌকাটি চলনবিলের ওপর দিয়ে যাওয়ার সময় নৌকা চালানোর বাঁশের লগি পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সংস্পর্শে আসে। এ সময় মুহূর্তের মধ্যেই নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদ আলীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








