Logo

৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২০ আগস্ট, ২০২৬, ১২:০৭
৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
ছবি: সংগৃহীত

টানা প্রায় ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে এসব রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়। তবে গোল্ডেন লাইন পরিবহন নিয়ে দুই পক্ষের বিরোধ এখনো পুরোপুরি মেটেনি।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে যাতায়াত করতে হয়।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাস চলাচল পুনরায় শুরু করা হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধের এখনো স্থায়ী সমাধান হয়নি।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চললে তাদের আপত্তি নেই। তবে এর বেশি ট্রিপ চালাতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

সুকুমার ভৌমিকের অভিযোগ, মঙ্গলবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর একটি বাসের গ্লাস ভাঙচুর করা হয়। একই সঙ্গে চালক ও হেলপারকে মারধর এবং তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা আবার পরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তখন ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের চারটি ট্রিপ চালানোর সিদ্ধান্ত হয় এবং উভয় পক্ষ তা মেনে নেয়।

তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন ওই সিদ্ধান্ত অমান্য করে ধীরে ধীরে ট্রিপের সংখ্যা বাড়াতে থাকে বলে অভিযোগ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের। তাদের দাবি, কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে ২৮টি পর্যন্ত ট্রিপ চালানো হয়েছে। এতে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

বিজ্ঞাপন

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মঙ্গলবার সকালে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের চারটি বাস চলাচলের পর অতিরিক্ত বাস চলাচলে শ্রমিকরা বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগও ওঠে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলও বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাস চলাচল স্বাভাবিক হলেও গোল্ডেন লাইন পরিবহনের ট্রিপসংখ্যা নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী বৈঠকে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধের সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD