শ্রীনগরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বাদ আসর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর নতুন মসজিদের সামনে কাজলপুর গ্রামের সচেতন যুব সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, এলাকায় মাদক কেনাবেচা ও মাদকের বিস্তার বন্ধে জনসচেতনতা তৈরি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবন বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, যুবদলের সহসভাপতি ফারুক মোল্লা, শ্রমিক দলের সহসভাপতি হাবিব মোল্লা, ওলামা দলের সহসভাপতি আনোয়ার শেখ, যুবদল নেতা রবিউল ও শহিদ শেখ, ইয়াছিন হাওলাদার, রফিকুল, চুন্নু শেখ ও আওলাদ শেখসহ স্থানীয় প্রায় দেড় শতাধিক মানুষ।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদকবিরোধী অবস্থান আরও জোরদার করার প্রয়োজন রয়েছে। মাদকের কারণে তরুণ সমাজ ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে তারা দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে গত বুধবার রাতে কাজলপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলামসহ পাঁচজন আহত হন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক শেখ ও কৃষকদলের সহসভাপতি নুর ইসলামের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের আরও দাবি, নুর ইসলাম মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ফারুক শেখ তাকে এলাকায় মাদক কেনাবেচায় সহযোগিতা করে আসছেন। এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
হামলার ঘটনায় বিএনপি নেতা অহিদুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বিএনপি নেতা ফারুক শেখ, কৃষকদল নেতা নুর ইসলামসহ হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, মাদকবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সংঘাত বা হয়রানি না ঘটে, সেদিকে প্রশাসনকে নজর রাখতে হবে। পাশাপাশি অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে স্থানীয়রা এলাকায় মাদক কেনাবেচা বন্ধ, মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।








