এনআরবি ওয়ার্ল্ডের নতুন সভাপতি চুয়াডাঙ্গার সাহিদুজ্জামান টরিক

চুয়াডাঙ্গার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহা. সাহিদুজ্জামান টরিক আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি প্রবাসী ও নন-রেসিডেন্ট বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের (NRB World) সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
২০২৬–২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে সাহিদুজ্জামান টরিক এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মোয়াজ্জেম এইচ. চৌধুরী দায়িত্ব পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, বিনিয়োগকারী, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি প্রবাসী সমাজের নেতৃত্বে চুয়াডাঙ্গার একজন কৃতিসন্তানের উঠে আসাকে জেলার মানুষের জন্য গর্বের অর্জন হিসেবে দেখা হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলা থেকে উঠে এসে বৈশ্বিক বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া স্থানীয় তরুণদের জন্যও অনুপ্রেরণার বিষয়।
নতুন নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার হবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি, ব্যবসা-বাণিজ্যের পরিসর সম্প্রসারণ এবং প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
এনআরবি ওয়ার্ল্ডের নতুন কমিটি আন্তর্জাতিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেবে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
নতুন নেতৃত্বের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৬ ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারত্বের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সাহিদুজ্জামান টরিকের এই নেতৃত্বে চুয়াডাঙ্গার মানুষও উচ্ছ্বসিত। তাঁর নেতৃত্বে এনআরবি ওয়ার্ল্ড বিশ্বব্যাপী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করবে এবং দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।








