Logo

সাজিদ হত্যার ১৩ মাসেও ফোনের লক খুলতে পারেনি সিআইডি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৫ আগস্ট, ২০২৬, ১১:৫০
সাজিদ হত্যার ১৩ মাসেও ফোনের লক খুলতে পারেনি সিআইডি
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ১৩ মাস পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে। মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সিআইডির হেফাজতে থাকা সাজিদের মোবাইল ফোনের লকও এখন পর্যন্ত খুলতে পারেনি তদন্ত সংস্থাটি।

বিজ্ঞাপন

গত বছরের ১৭ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট পাওয়া ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উঠে আসে। এর পরদিন ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ইবি থানায় হত্যা মামলা করেন।

পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার পুলিশের কাছ থেকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তবে দীর্ঘদিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্যাম্পাসে একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তদন্তের অগ্রগতি জানাতে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সময়ে ছাত্রনেতা ও সাংবাদিকদের সামনে সিআইডির ব্রিফিংয়ের আয়োজন করা হলেও পরে তা বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্টদের দাবি, এসব ব্রিফিংয়ে মামলার তদন্ত নিয়ে আশাব্যঞ্জক কোনো অগ্রগতির তথ্য পাওয়া যাচ্ছিল না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে চলতি বছরের মে মাসে সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহর আবেদনের পর তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। এর আগে দায়িত্বে থাকা সাইফুল ইসলামের পরিবর্তে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান সিআইডির পরিদর্শক মহব্বত হোসেন।

সাজিদের মৃত্যুর পরও তার মোবাইল ফোনে কয়েকবার কল রিসিভ হওয়ার বিষয়টি সামনে আসে। ওই কলগুলো কে রিসিভ করেছিলেন, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের অংশ হিসেবে সাজিদের মোবাইল ফোনটি নিজেদের হেফাজতে নেয় সিআইডি। তবে ১৩ মাস পেরিয়ে গেলেও ফোনটির লক খুলতে পারেনি তদন্ত সংস্থাটি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মহব্বত হোসেন বলেন, সাজিদের ফোনের লক খোলার জন্য আমরা এক্সপার্টের কাছে পাঠিয়েছিলাম। তবে তারা লক খুলতে পারেনি। রেজাল্ট নেগেটিভ এসেছে। এ বিষয়ে তাদের সঙ্গে পুনরায় কথা বলব। অন্য কোনো পদ্ধতিতে লক খোলা সম্ভব হলে অবশ্যই সেই পদ্ধতি গ্রহণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন দিক থেকে তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এটিকে গাফিলতি বলার সুযোগ নেই। পারিপার্শ্বিক সাক্ষীদের নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD