শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় নতুন সভাপতির, সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীরা

জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলমের পরিচিতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, হাওলি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থান "চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা" বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে। এ অঞ্চলের সম্মানিত অভিভাবক ও এলাকাবাসী প্রতিষ্ঠানের উন্নয়নে আমাকে সবসময় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন এটাই আমার প্রত্যাশা।”
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, “ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা আজকের সভাপতি জাহাঙ্গীর আলম নিশ্চয়ই তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি অতীতের গৌরবোজ্জ্বল দিনগুলো আবারও ফিরে পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত সভাপতির সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।








