Logo

দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০৫
দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশনের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান। এ সময় তাঁদের পক্ষ থেকে পুষ্পস্তবকও দেওয়া হয়। পরে রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন কান্তনগর মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বিশেষ করে মন্দিরের দেয়ালজুড়ে থাকা টেরাকোটার কারুকাজ ও নান্দনিক স্থাপত্যশৈলী তাঁকে আকৃষ্ট করে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে মন্দিরটির নির্মাণ ইতিহাস, স্থাপত্য বৈশিষ্ট্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।

ঐতিহাসিক স্থাপনাটির নকশা, নির্মাণশৈলী এবং টেরাকোটার সূক্ষ্ম কারুকাজ দেখে রাষ্ট্রদূত প্রশংসা করেন। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ এই নিদর্শন সরেজমিনে দেখার সুযোগ পাওয়ায় তাঁর পরিদর্শনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কান্তনগর মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিচিত। অষ্টাদশ শতকে নির্মিত এ মন্দিরটি টেরাকোটার অসাধারণ অলংকরণ ও স্থাপত্যশৈলীর কারণে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে।

বিজ্ঞাপন

মন্দিরটির দেয়াল ও বিভিন্ন অংশে ফুটিয়ে তোলা টেরাকোটার চিত্রকর্মে তৎকালীন সমাজজীবন, সংস্কৃতি ও নানা ঐতিহাসিক বিষয় প্রতিফলিত হয়েছে। এর ঐতিহাসিক ও নান্দনিক গুরুত্বের কারণে প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক, ইতিহাসবিদ ও গবেষক কান্তনগর মন্দির পরিদর্শনে আসেন।

মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আগ্রহ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD