Logo

ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগড়া, নড়াইল
২০ জুন, ২০২৬, ১৩:১১
ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের আয়োজনে শহরের নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের সাধারণ সম্পাদক দীপক সাহা, ইতনা স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মদন ভদ্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ সরকার, নড়াইল জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পরীক্ষিত শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি বলদেব বিশ্বাস, অবসরপ্রাপ্ত কৃষিবিদ রঘুনাথ কর, সমাজসেবক ননীগোপাল মন্ডল, পূজা উদযাপন পর্ষদের কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, লাহুড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্পাদক মনি কুমার বিশ্বাসসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ধর্মীয় উপাসনা ও আচার-অনুষ্ঠানে বাধা দেওয়া কোনো ধর্মের শিক্ষা নয়। তারা গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা প্রদান এবং প্রতীকী ছবিতে অবমাননাকর আচরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা এ বিষয়ে সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD