মধুখালীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পূর্বাশা পরিবহন, নিহত ১

ফরিদপুরের মধুখালীতে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
উদ্ধারকারী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনায় দুই বছরের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাসটির সুপারভাইজার চুয়াডাঙ্গার বটিয়াপাড়া এলাকার জুয়েল দুর্ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় উদ্ধারকাজ শেষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








