Logo

ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা

profile picture
উপজেলা প্রতিনিধি
আলফাডাঙ্গা, ফরিদপুর
২৫ অক্টোবর, ২০২৬, ১৬:৩২
ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। এতে গুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাট ভস্মীভূত হয়েছে। এসব পাটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বাজারের একটি পাটের গুদামে প্রথমে আগুন লাগে। পরে দ্রুত আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে একে একে সাতটি পাটের গুদাম, দুটি কাঁচামালের দোকান এবং একটি চায়ের দোকান পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই গুদামে থাকা পাটসহ দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজারের ব্যবসায়ী কাশেম মন্ডল জানান, রাত ৮টার দিকে স্থানীয় লোকজন একটি পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখি, গুদামগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। এতে সাতটি গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। এসব পাটের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD