কিশোরগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও মো. আজহারের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে দুই নেতার অনুসারীরা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষে দুই পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন বলে স্থানীয়ভাবে জানা গেছে। খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ বলেন, সাবেক চেয়ারম্যান কুদ্দুছের লোকজন ও নতুন চেয়ারম্যান প্রার্থী আজহারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।








