নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আবদুল বারী সুস্থ আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়ির সামনে হঠাৎ ফিরোজা নামে এক নারী পথচারী চলে আসেন।
তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে নেমে যায়। এতে পথচারী ওই নারী আহত হন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। এদিকে দুর্ঘটনাকবলিত গাড়িটি ধানক্ষেত থেকে তুলে সড়কে আনার চেষ্টা চলছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি এবং তিনি আহতও হননি।
ওসি জানান, প্রতিমন্ত্রী সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন।








