মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের কাছ থেকে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারও নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে চট্টগ্রামমুখী লেনে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে চালক ও হেলপার একটি লং ভেহিকেল এনে কাভার্ডভ্যানটির সঙ্গে রশি লাগানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি বাস এসে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহত চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশের সদস্যরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত তিনজনের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক রয়েছেন।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, লং ভেহিকেল ও ইউনিক পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।








