Logo

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পাবনায় ডিআইজির কঠোর হুঁশিয়ারি

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১১
মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পাবনায় ডিআইজির কঠোর হুঁশিয়ারি
ছবি প্রতিনিধি।

পাবনায় আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে এক উন্মুক্ত মতবিনিময় সভা ও জনগণের মুখোমুখি প্রশ্নোত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা সদর থানা প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদকের ভয়াবহ বিস্তার, অনলাইন জুয়ার প্রভাব, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, হানি ট্র্যাপ, অবৈধ বালু উত্তোলন এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের চাঁদাবাজিসহ একাধিক স্পর্শকাতর বিষয় তুলে ধরেন।

এ সময় ভুক্তভোগীরা শহরের যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করার দাবি জানান। পাশাপাশি বিতর্কিত বিট পুলিশিং কমিটি বাতিল করে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবিও তোলা হয়।

বিজ্ঞাপন

​পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ ও ভোগান্তির কথা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ব্যক্ত করেন।

​জনগণের বিভিন্ন অভিযোগ শুনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, একটি দেশকে উন্নত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য মাদকের গডফাদার ও এর পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। অপরাধে যদি কোনো পুলিশ সদস্যও জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। মাদকের ব্যাপারে কোনো ধরনের তকবির বা সুপারিশ না করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। এছাড়া বিট পুলিশিংয়ের বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।

​সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জহুরুল হক বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতের আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

​এর আগে ডিআইজি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এবং পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD