গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি মহাসড়কের গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে।
বিজ্ঞাপন
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশিচত করেছেন।








