Logo

সাপাহারে সড়কের বেহাল দশা, দখল-আবর্জনায় বাড়ছে জনদুর্ভোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
সাপাহার, নওগাঁ
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৩
সাপাহারে সড়কের বেহাল দশা, দখল-আবর্জনায় বাড়ছে জনদুর্ভোগ
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় হয়ে সাব-রেজিস্ট্রার অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের খানাখন্দ, কাদা-পানি, নির্মাণসামগ্রী রেখে জায়গা দখল এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে ইট, বালিসহ নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এতে সড়কটির চলাচলের জায়গা আরও সংকুচিত হয়েছে। বিশেষ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রধান ফটকের পাশে নির্মাণসামগ্রীর স্তূপ পড়ে থাকতে দেখা যায়।

সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশও দূষিত হচ্ছে। কোথাও কোথাও আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের ভাষ্য, গুরুত্বপূর্ণ এই সড়কটি ধীরে ধীরে যেন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।

বিজ্ঞাপন

সড়কটি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত যাতায়াতের অন্যতম প্রধান পথ। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এ পথ ব্যবহার করে বিদ্যালয়ে যায়। সড়কের ভাঙাচোরা অবস্থা, কাদা-পানি, নির্মাণসামগ্রীর স্তূপ ও আবর্জনার কারণে তাদের দুর্ভোগ বাড়ছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সেবা নিতে আসা মানুষ এবং সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন কাজে আসা সাধারণ নাগরিকদেরও এ সড়ক ব্যবহার করতে হয়। ফলে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থায় প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়কের জায়গা দখলমুক্ত করা, নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া এবং যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা পরিষ্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তারা।

তাদের দাবি, দ্রুত সংস্কার ও পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ বলেন, ‘সরেজমিনে পরিদর্শন করে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই আলোকে ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটির সংস্কার, অবৈধ দখল অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD