Logo

দরবার থেকে দেহাবশেষ উদ্ধারের পর পীরের কবর স্থায়ীভাবে বাঁধাই

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৫
দরবার থেকে দেহাবশেষ উদ্ধারের পর পীরের কবর স্থায়ীভাবে বাঁধাই
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনার পর তার কবর ইট-সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বাঁধাই করেছে পরিবার।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) পরিবারের সদস্যরা ফিলিপনগর এলাকার গোরস্থানে পীর শামীমের কবরের চারপাশে দেয়াল নির্মাণ ও ওপরে ঢালাইয়ের কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান থেকে পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে তার প্রতিষ্ঠিত দরবারে নিয়ে দাফন করা হয়। শনিবার সকালে স্বজনেরা কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানান।

এরপর প্রশাসনের নির্দেশে দরবার শরিফের প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। শনিবার বিকেলেই সেগুলো আগের কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

বিজ্ঞাপন

পরিবারের আশঙ্কা, আবারও কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। এ কারণে নিরাপত্তার জন্য কবরটি ইট ও সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বাঁধাই করা হয়েছে।

পীর শামীম জাহাঙ্গীরের বড় ভাই ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বলেন, কারা দেহাবশেষ সরিয়ে নিয়েছিল, সে বিষয়ে তারা কিছু জানতেন না। পরিবারের কারও সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করা হয়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কবরের নিরাপত্তা নিশ্চিত করতেই রবিবার চারপাশে দেয়াল নির্মাণ করে ওপরে ঢালাই দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, রাতের আঁধারে কারা কবর খুঁড়ে দেহাবশেষ নিয়ে গেছে, তা শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত করছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কবরস্থান ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেখানে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল দরবারে হামলার ঘটনায় পীর শামীম জাহাঙ্গীর নিহত হন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর প্রায় পাঁচ মাস পর কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD