Logo

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৪
প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার
ছবি: সংগৃহীত

অনলাইনে পরিচয়ের পর গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন দং লিয়াং নামে এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের ২৫ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও ভিসার স্বল্প মেয়াদ ও প্রতারণার আশঙ্কায় তাকে দেশে ফেরত পাঠিয়েছে তরুণীর পরিবার ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে সখীপুর বাজারে পৌঁছান ওই চীনা নাগরিক। খবর পেয়ে তরুণী নিজেই বাজারে গিয়ে তাকে স্বাগত জানান এবং পরে বাড়িতে নিয়ে যান। বিদেশি যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে একটি অ্যাপের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে দং লিয়াংয়ের পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের টানেই শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসে সখীপুরে পৌঁছান তিনি।

তবে বিদেশি যুবকের আসার বিষয়টি জানাজানি হওয়ার পর তরুণীর পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা আশঙ্কা তৈরি হয়। প্রতারণা বা অন্য কোনো ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা থানায় বিষয়টি জানান। পরে স্থানীয়দের মধ্যস্থতায় রাতে একটি গাড়ি ভাড়া করে দং লিয়াংকে ঢাকায় চীনা দূতাবাসের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তরুণীর নানার ভাষ্য, দং লিয়াংয়ের ভিসার মেয়াদ আর মাত্র নয় দিন রয়েছে। এত কম সময়ের মধ্যে নাতনিকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। বর্তমান সময়ে ভিনদেশি নাগরিক পরিচয়ে প্রতারণা ও মানব পাচারের মতো ঘটনা ঘটায় পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়ে।

তিনি জানান, যুবককে আপাতত চীনে ফিরে গিয়ে বৈধভাবে ভিসার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনীয় প্রমাণপত্রসহ পুনরায় বাংলাদেশে এলে তখন বিয়ের বিষয়টি বিবেচনা করা হবে। তবে ওই যুবক আদৌ আবার ফিরে আসবেন কি না, তা নিয়ে পরিবারের সন্দেহ রয়েছে।

অন্যদিকে দং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে দ্রুতই তিনি আবার বাংলাদেশে আসবেন। এরপর ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, তরুণী যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে তার পরিবার ও স্থানীয়রা সতর্ক ছিলেন। পরে মধ্যরাতে আলোচনা করে ওই যুবককে নিরাপদে চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়রা থানাকেও অবহিত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD