ডেঙ্গু রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল, বারান্দায় চিকিৎসা

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। জায়গা সংকটের কারণে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পাশাপাশি বারান্দাতেও রোগীদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে। গত দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০১ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ৬৮ জন পুরুষ, ২০ জন নারী ও ১৩ জন শিশু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গত দুই দিনে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রিজভী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার লিটনের ছেলে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে সোমবার ভোরে আব্দুল খালেক নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। গত ৬ সেপ্টেম্বর দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরের মে মাস থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় গত কয়েকদিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে জায়গার সংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় বারান্দাতেও রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য রোগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।








