Logo

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৪
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি সংবাদ পরিবেশনের আগে তথ্যের যথার্থতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাগত নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, তথ্যের সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা অংশ নেন। এ সময় অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, সংবাদ সংগ্রহ ও পরিবেশনে পেশাগত দায়িত্ব এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা প্রশিক্ষণটি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD