তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত বসাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে শিক্ষার পাশাপাশি সাক্ষরতার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষরতা শুধু স্বাক্ষর করতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পড়তে, লিখতে এবং প্রয়োজনীয় তথ্য বুঝতে পারার সক্ষমতার মাধ্যমে একজন মানুষকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করাই সাক্ষরতা কার্যক্রমের মূল লক্ষ্য।
বক্তারা আরও বলেন, নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।








