কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ দুই যুবক আটক

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদল নেতাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার ও একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম আউড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের দাবি, আটক অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। ছাত্রদলের কলেজ শাখার সাধারণ সম্পাদক হওয়ার পরও এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
কাঁঠালিয়া থানার ওসি মো. নাছের রায়হান বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








