Logo

দৌলতপুর থানার অদূরে যুবককে গুলি করে হত্যা, পালাল হামলাকারীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলতলা, খুলনা
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৫
দৌলতপুর থানার অদূরে যুবককে গুলি করে হত্যা, পালাল হামলাকারীরা
প্রতীকী ছবি

খুলনা নগরীর দৌলতপুর থানার অদূরে প্রকাশ্যে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা তিন হামলাকারী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলটি দৌলতপুর থানা থেকে আনুমানিক ২০০ থেকে ৩০০ মিটার দূরে। নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে আসে। তারা জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলি লাগে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় টহলরত পুলিশের একটি দল তাদের পিছু নিলেও শেষ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD