Logo

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৭
ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও গতিবিধি বিশ্লেষণ করে তার হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি গোপন করেছেন বলেও দাবি করেছে তদন্ত সংস্থাটি।

বিজ্ঞাপন

পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনেন বলে জানিয়েছেন। তবে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি গোপন করেছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে চলাফেরা করার কারণে অভিনেতার বিভিন্ন বিষয় সম্পর্কে ডনের জানাশোনা ছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিআইডির আবেদনে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ডন অত্যন্ত কৌশলীভাবে বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার আগে, ঘটনার সময় এবং ঘটনার পর তার আচরণ ও গতিবিধি বিশ্লেষণ করে মামলার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত সংস্থাটি জানায়, ডনের আচরণ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তিনি মামলার ঘটনা সম্পর্কে অনেক তথ্য গোপন করেছেন। তদন্তের প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বিজ্ঞাপন

এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে সিআইডি।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে ২৭ আগস্ট আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বুধবার তাকে আবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD